আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এর ফলে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি মাছউদ। তিনি বলেন, ১২ নভেম্বর প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্রের সংকট এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত হয়েছে।
ইসি মাছউদ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা থাকায় সেগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এ কারণে ওই সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তবে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।