জাতীয়

মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ০৯:১৩
PostImage

মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী


মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারা কোনো মাহফিলের বিরুদ্ধে নন; বরং মাহফিল আয়োজনে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি মাহফিলে এমন নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য না দিয়ে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে কথা বলার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারেন—এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করে মাহফিল আয়োজন করা হলে তারা স্বাগত জানাবেন। এ ধরনের মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আয়োজন সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং পঞ্চগড় জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এ সময় ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।