ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের এক শতাংশ জমিও ছাড় দেওয়া হবে না। যারা সরকারি জমি দখল করে রেখেছেন, তাদের কাছ থেকে তা পুনরুদ্ধার করা হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার। তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার। অতএব, সারা বাংলাদেশের পাশাপাশি রূপগঞ্জেও যেখানেই সরকারি জমি দখলে রাখা হয়েছে, তা পুনরুদ্ধার করা হবে। সরকারি জমি উদ্ধারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুনসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।