নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, পিকআপভ্যান ও ধারালো অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ভোররাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া, মো. শাহিন মিয়া, মো. শামিম মিয়া, হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার মো. শরিফ মিয়া। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ব্যবসায়ী পরিবারের বরাত দিয়ে জানান, ভোর ৩টার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সদস্যদের বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালায়। পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে কয়েকজনকে গণপিটুনি দেওয়ার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের কাছ থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।