রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মামলা না করা’ সংক্রান্ত মন্তব্যকে অসত্য দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘মামলা করা হয়েছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না, কতটা বিচ্ছিন্ন তিনি?’
রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় সালমান জানান, ঘটনার পর তিনি রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করে অভিযোগ দায়েরের কার্যক্রম সম্পন্ন করেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে কোনো মামলা করা হয়নি বলে দাবি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সালমান বলেন, ‘আপনার আন্ডারে থাকা প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালমান। তিনি অভিযোগ করেন, স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনাকে ‘টুকটাক ভাঙচুর’ বলে হালকা করে দেখানোর চেষ্টা করা হয়েছে।
সালমানের দাবি, হামলাকারীদের মধ্যে তিনজনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছিল। তাদের মারধর করা হয় এবং তারা মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছে ও স্বীকারোক্তি দিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত, যা প্রধানমন্ত্রীর নির্বাচনি আসন। তার ভাষায়, ‘প্রধানমন্ত্রীর আসনে এত বড় একটি ঘটনা ঘটল, যা দেশজুড়ে প্রচারিত হলো। অথচ প্রশাসন এটিকে অত্যন্ত হালকাভাবে উপস্থাপন করছে।’
সালমান মুক্তাদির স্পষ্ট করে বলেন, সরকারের কাছে তার কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সাহায্যের দাবি নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের সাধারণ নাগরিক ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা; কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষায় জনসংযোগ করা নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আরও সংবেদনশীলতা ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন বলেও জানান সালমান মোহাম্মদ মুক্তাদির।