মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এ সময়ে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বৃষ্টিপাতের কারণে এসব জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায় পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।