জাতীয়

দাম বাড়ল ফার্নেস অয়েলের, আজ রাত থেকেই কার্যকর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
PostImage

এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।


বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সায়। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।


বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।


টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমানোর পর এবার দাম বাড়াল কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী দুই মাসে দাম আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে। এবার এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।


আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার কমিশনকে দেওয়া হয়।

এরপর জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তখন থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নতুন দর ঘোষণা করছে কমিশন।