বাংলাদেশে গাড়ি উৎপাদনের পাশাপাশি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার পরিকল্পনা করছে টয়োটা। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে এ উদ্যোগের কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন জানান, বৈঠকে টয়োটা তুশোর প্রতিনিধিরা বাংলাদেশে গাড়ি উৎপাদনের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তাঁরা জানান, উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখতে চায় টয়োটা।
প্রতিনিধিদল জানায়, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে। ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
এ ছাড়া বাংলাদেশে টয়োটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার গাড়ি ও সেবা আরও সহজলভ্য হবে বলে জানানো হয়।
বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতেও কাজ করতে আগ্রহী টয়োটা। তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী জনশক্তি গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করতে চায় বলে প্রধানমন্ত্রীকে জানায় প্রতিনিধিদল।
বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টয়োটা তুশো এসব খাতে বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।