সারাদেশ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:৩৫
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।


অভিযোগ অনুযায়ী, দক্ষিণবাগ এলাকায় সরকারি একটি জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করেন অভিযুক্তরা। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।


স্থানীয়দের দাবি, জমিটি সরকারি এবং সেখানে মাদ্রাসা নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বরাদ্দ নিয়েছেন রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি। কিন্তু ওই জমি দখলের উদ্দেশ্যে মুজিবুর রহমান ও হরি আনন্দ ঘর নির্মাণের চেষ্টা করেন। বাধা দিলে রাশেদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জমি মাপার আমিন জানান, নকশা অনুযায়ী পরিমাপ করে তিনি নিশ্চিত হয়েছেন যে জমিটি সরকারি।


এ বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, “এখানে এতিম ও হতদরিদ্র শিশুদের জন্য মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু জমিটি দখলের চেষ্টা করা হচ্ছে এবং আমাকে হুমকি দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে যুবদল নেতা মুজিবুর রহমান বলেন, “যে জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জমি নয়।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।