সারাদেশ

বিটিভিকে আস্থার জায়গায় নিতে চান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৬, ১৬:৪৮
PostImage

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বড় একটি প্রতিষ্ঠান হলেও মানুষের আস্থা অর্জনে পিছিয়ে রয়েছে।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বড় একটি প্রতিষ্ঠান হলেও মানুষের আস্থা অর্জনে পিছিয়ে রয়েছে। এটিকে জনগণের আস্থাভাজন গণমাধ্যম হিসেবে গড়ে তোলা এখন তার জন্য বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিটিভিকে নতুনভাবে সাজিয়ে জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে তিনি কাজ করছেন এবং এজন্য সবার দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সময়োপযোগী করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজ চলছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিটিভি ও বাংলাদেশ বেতার-কে কীভাবে আধুনিক ও সময়োপযোগী করা যায় এবং কতটুকু স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব—সেই লক্ষ্যেই পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এমআর//