সারাদেশ

ধর্ম নিয়ে ব্যবসা মানুষ পছন্দ করে না: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৬, ১৬:১৯
PostImage

দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করা পছন্দ করে না


দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা মানুষকে ‘বেহেশতে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এসব বিষয়ে জনগণ সচেতন। তিনি বলেন, “আমরা কাজ করতে এসেছি, কাজ করেই বেহেশতে যেতে চাই।”

ধর্মকে পুঁজি করে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়। এজন্য সৎ জীবনযাপন ও হালাল উপার্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। তিনি বলেন, “সামনে কঠিন সময় আসছে, আমাদের তা ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে।”

তেল সংকটের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে সরবরাহ কমে গেছে, তবে এ নিয়ে পেট্রোল পাম্পে ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কৃষি খাতের বিষয়ে তিনি জানান, ঝড়-বৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও সরকার কৃষকদের পাশে রয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ২০ হাজার খাল খননের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমআর/