সারাদেশ

চাকরি পেয়ে স্ত্রীকে ডিভোর্স, অনশনের পর স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলেন স্বামী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৩
PostImage

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভালোবাসার পূর্ণতা পেলেন অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র।


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভালোবাসার পূর্ণতা পেলেন অনশনরত যুবক বিশ্বজিৎ পাত্র। স্ত্রীর স্বীকৃতি ফিরে পাওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দের পরিবেশ।


শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে তাদের পুনর্মিলন ঘটে। এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যা থেকে ১ এপ্রিল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করেন বিশ্বজিৎ। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের হস্তক্ষেপে তিনি অনশন ভাঙেন এবং সমাধানের আশ্বাস পান।


জানা যায়, প্রায় ১০ বছর আগে বিশ্বজিৎ ও অনুশীলা বাড়ৈর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় বছর প্রেমের পর তারা বিয়ে করে চার বছর সংসার করেন। এ সময় বিশ্বজিৎ নিজের সবকিছু ত্যাগ করে অনুশীলার পড়াশোনা ও ক্যারিয়ারে সহায়তা করেন।


কিন্তু নার্স হিসেবে চাকরি পাওয়ার পর অনুশীলা ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যান এবং পরবর্তীতে বিচ্ছেদের ঘটনা ঘটে। এতে ভেঙে পড়েন বিশ্বজিৎ। পরে প্রিয় মানুষকে ফিরে পেতে তিনি অনশন কর্মসূচি শুরু করেন।


ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিকভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দুই পরিবারের সদস্য ও স্থানীয়দের নিয়ে আয়োজিত সালিশ বৈঠকে অনুশীলা নিজের ভুল বুঝতে পেরে আবার বিশ্বজিতের কাছে ফিরে আসেন। বিশ্বজিৎ পাত্র বলেন, “আমার স্ত্রীকে ফিরে পেয়ে আমি ধন্য। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। যারা আমাদের একত্র হতে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”


স্থানীয়দের প্রত্যাশা, নবদম্পতির এই ভালোবাসার বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।