সারাদেশ

জ্বালানি সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৬
PostImage

পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহক ও পরিবহন শ্রমিকরা।


পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহক ও পরিবহন শ্রমিকরা।


বৃহস্পতিবার সকালে তুষখালী ইউনিয়নের হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ জনতা রাস্তা বন্ধ করে দিলে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে চলাচলকারী যানবাহন আটকে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই এলাকায় ডিজেল ও অকটেনের তীব্র সংকট চলছিল। সকালে তেল পাওয়ার আশায় শত শত মোটরসাইকেল চালক ও পরিবহন শ্রমিক ফিলিং স্টেশনে ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।


পরিস্থিতির একপর্যায়ে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে, সৃষ্টি হয় চরম ভোগান্তি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তেল সরবরাহের আশ্বাস দিলে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।