রাজধানীর উত্তরা এলাকায় বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতা লামীন ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) গাজীপুরের পূবাইল থানার পদহারা বাইদ গ্রামের কফু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার বাড়ি দক্ষিণখান এলাকায়। অন্যদিকে গ্রেপ্তার লামীন ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া উলুখোলা গ্রামের বাসিন্দা।
এর আগে গত ২২ এপ্রিল উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি সড়ক থেকে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা ২৩ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ-এর উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।