বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। তিনি আরও জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আগামী কয়েক দিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে নদীবন্দরগুলোর জন্যও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাত ১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।