পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগ-এর সমন্বয়-২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। তবে ঈদকে সামনে রেখে সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে গত ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিষয়ে সম্মতি দেন। সে সময় জানানো হয়েছিল, ১২ মে মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পরবর্তীতে মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানানো হয়, কোরবানি ঈদ পর্যন্ত দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ দেয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
এদিকে বিদ্যুৎ বিভাগের চিঠিতে ঈদ উপলক্ষে দোকানপাট আরও তিন ঘণ্টা বেশি সময় খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ-কে অনুরোধ জানানো হয়েছে।