খেলা

বিসিবি নির্বাচন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৬, ১২:৫৮
PostImage

তামিম ইকবাল জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে অংশ নিতে হলে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরতে হবে।


তামিম ইকবাল জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে অংশ নিতে হলে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরতে হবে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

তামিম বলেন, “ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার ভাবনা ও পরিকল্পনা তাদের সামনে তুলে ধরতে হবে।”

তিনি স্বীকার করেন, বর্তমান দায়িত্বে থাকার কারণে কিছুটা সুবিধা থাকতে পারে। তবে ভোটের ক্ষেত্রে সেই সুবিধা কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

তামিম বলেন, “আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। কিন্তু ভোটিংয়ের সময় সেটি কোনো কাজে আসবে না। আমাকে ভোটারদের সঙ্গে মিশতে হবে এবং তাদের বোঝাতে হবে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কী করতে চাই।”


নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে দূরে রেখেছেন জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি এখন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলছে। তার ভাষায়, “আমি নিজেকে পুরোপুরি এই জায়গা থেকে সরিয়ে নিয়েছি। কোনো চিঠিতে সই করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না। সবকিছু নির্বাচন কমিশন দেখছে।”

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, বিসিবির নির্বাচন হবে উন্মুক্ত ও অংশগ্রহণমূলক।

তামিম বলেন, “আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে এবং নিজেদের মতো করে ভোট চাইবে।”