সারাদেশ

তাপপ্রবাহে পুড়ছে দেশ, ৩ জুনের পর বাড়তে পারে বৃষ্টি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ০৩:৪৩
PostImage

জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের পাশাপাশি দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে না। তবে গতকাল সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে টেকনাফ এলাকায়।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু কিছু স্থানে এবং ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে দেশের বাকি অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের ৩৪টি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে আজও গরম অনুভূত হবে, তবে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া চলতি সপ্তাহেই টেকনাফ উপকূল এলাকায় মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টির প্রবণতাও বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন