খেলা

বিটিভিতে সরাসরি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬, ১১:০৩
PostImage

আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় FIFA-র সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় এবার বিটিভি প্রায় বিনা আর্থিক চাপেই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারবে।


প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। তবে বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে সম্প্রচার স্বত্ব অর্জনের উদ্যোগ নেয়।
তিনি জানান, প্রথমদিকে একটি স্বত্বধারী প্রতিষ্ঠান বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। সরকার সেই প্রস্তাব গ্রহণ না করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এর সভাপতি তাবিথ আউয়াল-কে সম্পৃক্ত করা হয়।
দীর্ঘ আলোচনার পর সম্প্রচার স্বত্বের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।


ইয়াসের খান চৌধুরী বলেন, সম্প্রচার স্বত্ব বাবদ ব্যয়ের প্রায় পুরো অর্থই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির ওপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক সেবায় নিয়োজিত রাখা। এ উদ্যোগ তারই একটি উদাহরণ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিটিভির মহাপরিচালকসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী দেশের ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানিয়ে বলেন, সব জটিলতা কাটিয়ে এবার দেশের কোটি কোটি দর্শক বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ করতে পারবেন।