খেলা

তিউনিসিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল জাপান

detaillogo
ডেস্ক নিউজ
২১ জুন ২০২৬, ০৮:০৮
PostImage

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল জাপান।


বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল জাপান। দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রেখে ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে এশিয়ার পরাশক্তিরা। এই জয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে এসেছে জাপান, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার। বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ হিসেবে বিশেষ গুরুত্ব পাওয়া এই লড়াইয়ে নতুন ইতিহাসও গড়েছে জাপান। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমবারের মতো চার গোল করেছে কোনো এশিয়ান দল।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্লু সামুরাইরা। কেইতো নাকামুরার পাস থেকে দাইচি কামাদা গোল করে দলকে লিড এনে দেন। প্রথম গোলের পরও থামেনি জাপান। একের পর এক আক্রমণে তিউনিসিয়ার রক্ষণভাগকে চাপে রাখে তারা। ৩১তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে দলটি। হাইড্রেশন বিরতির আগে মাঝমাঠ থেকে পাওয়া দুর্দান্ত পাস কাজে লাগিয়ে তৃতীয় গোল করেন জুনইয়া ইতো। এরপর ৮৪তম মিনিটে কাইশু সানোর ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন উয়েদা। তার জোড়া গোলেই বড় জয় নিশ্চিত হয় জাপানের।


৪-০ গোলের এই দুর্দান্ত জয়ে শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে জাপান। অন্যদিকে, দুই ম্যাচে টানা দুই হার এবং মাত্র এক গোল নিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল তিউনিসিয়ার। দ্বিতীয় ম্যাচ শেষে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।