টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন কবির হোসেন। তাকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচারণা ও বিতর্ক ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়।
পরবর্তীতে বিষয়টি তদন্ত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
তদন্ত প্রতিবেদনে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর এ নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের অবসান ঘটে। কবির হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে।