রাজধানী ঢাকায় আগামী ২৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়-এর কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আয়োজকদের মতে, ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন ছিল। তবে অনিবার্য পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার কারণে অনুষ্ঠানটি আপাতত আয়োজন করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে আয়োজকরা দর্শক, শুভানুধ্যায়ী, স্পনসর ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, অনুকূল সময়ে নতুন তারিখে কনসার্ট আয়োজনের চেষ্টা করা হবে। এছাড়া, আগামী শুক্রবারের মধ্যে কনসার্টের নতুন তারিখ আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। যাঁরা আগাম টিকিট কিনেছেন, তাঁরা চাইলে টিকিটের মূল্য ফেরত (রিফান্ড) নিতে পারবেন।
উল্লেখ্য, এই কনসার্টে অনুপম রায়ের পাশাপাশি সংগীতশিল্পী ও পরিচালক ইমন চৌধুরী-এর ব্যান্ড বেঙ্গল সিম্ফনি-রও পারফর্ম করার কথা ছিল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায় দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়। এর আগে তিনি একাধিকবার বাংলাদেশে কনসার্ট করেছেন।