উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত অংশগ্রহণ এবং নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে একটি মনোরম রিসোর্টে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে ও কনভেনর হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস-এর ম্যানেজিং পার্টনার মো. মাহমুদ হোসাইন, এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান মুশফিকুর রহমান ধ্রুব। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের লেকচারার ও বিবিএ কো-অর্ডিনেটর শিশির দাস।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি পর্ব এবং দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির বলেন, “প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শুধু উচ্চশিক্ষা প্রদানেই নয়, দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, দলগত কাজের মানসিকতা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল কালাম নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একজন শিক্ষার্থীর সামগ্রিক ব্যক্তিত্ব গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
কি-নোট স্পিকার মো. মাহমুদ হোসাইন, এফসিএ তাঁর বক্তব্যে বর্তমান কর্পোরেট বিশ্বের বাস্তবতা, অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স খাতের পরিবর্তিত ধারা, প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত আত্মউন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, দলীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত করে তোলা, সিনিয়র-জুনিয়রদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রাণবন্ত পরিবেশ, আন্তরিক আয়োজন এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক-২০২৬’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেয়।