সারাদেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬, ১৬:০২
PostImage

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের তত্ত্বাবধানে ছিলেন গুলশান-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।

পুলিশ জানায়, গুলশান থানার সিআর মামলা নং-৫৪৬/২২ (সাজা)–এর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মাসুকুর রহমানকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে গুলশান থানায় ৩টি, মতিঝিল থানায় ৯টি এবং ডিএমপি মোহাম্মদপুর থানায় ৯টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে। এছাড়া ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ই-অরেঞ্জ ডট শপের মাধ্যমে প্রায় ৩৫৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ৩১ জুলাই থেকে ২০২১ সালের ১৭ আগস্ট পর্যন্ত ব্যবসা পরিচালনা করে। এ সময় ১০ থেকে ১৫ দিনের মধ্যে ‘ডাবল টাকা ভাউচার অফার’সহ অস্বাভাবিক কম দামে মোটরসাইকেল, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, টেলিভিশনসহ বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করা হয়।

অভিযোগ অনুযায়ী, প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫৭০ জন গ্রাহকের কাছ থেকে মোট ৯৫৭ কোটি টাকা সংগ্রহ করা হলেও অনেক গ্রাহক প্রতিশ্রুত পণ্য পাননি। তদন্তে ওই অর্থের একটি বড় অংশ অর্থপাচারের মাধ্যমে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসে।

এ বিষয়ে গুলশান থানার এসআই মো. মাহফুজুল হক বলেন, মাসুকুর রহমানের বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।