মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাচি ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড এলাকার মোড়লকান্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জিনার গেট মাদবরকান্দি এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা (৯) এবং খায়রুল মাদবরের স্ত্রী মাহিমা আক্তার (৩৫)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি।
আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক লিটন (১৯), পিতা- হায়দার, সাং- যাদুয়ারচর, শিবচর পৌরসভা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন যাত্রী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর থেকে কুতুবপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ম ১১-৫৮৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়শা ও মাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় উভয় যানবাহনই দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবকণ্ঠকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।