সারাদেশ

বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী হতে পারে,৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৬, ১৪:৪৬
PostImage

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা শুরু হয়েছে।


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে এ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিরূপ আবহাওয়া সৃষ্টি হতে পারে।


আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি নিম্নচাপে রূপ নিলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। শনিবার সন্ধ্যার পর থেকে কিছু অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং রোববার থেকে এর প্রভাব সারা দেশে আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও কয়েক দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় গভীর সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক বা তার চেয়েও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও স্বল্পমেয়াদি তাপপ্রবাহও বয়ে যেতে পারে।