নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ১০৭ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা।
বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে মো. ফারুক আহমেদ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় বস্তা নামানোর সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ১০৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।