বিনোদন

অপেক্ষার অবসান ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক

detaillogo
ডেস্ক নিউজ
০৯ জুলাই ২০২৬, ১৩:৫৯
PostImage

অপেক্ষার অবসান, মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৩


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৩। নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা নতুন এই অধ্যায় এবার বিশ্বকাপ ফুটবলের বিশেষ আবহ নিয়ে দর্শকদের সামনে এসেছে।


বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-এ নতুন পর্বগুলো দেখা যাচ্ছে। সম্প্রতি শুটিং চলাকালে গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হন নির্মাতা কাজল আরেফিন অমি। চিকিৎসকদের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় এবং কিছুদিন কথা বলাও নিষেধ ছিল। এ কারণে চ্যাপ্টার ১৩-এর শুটিং ও মুক্তি নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যায়। তবে দর্শকদের ভালোবাসার কথা বিবেচনা করে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজে ফিরে নতুন চ্যাপ্টারটি সম্পন্ন করেছেন তিনি।


এবারের চ্যাপ্টারের সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত বিশেষ গল্প। জনপ্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে মুখোমুখি লড়াইয়ে। নির্মাতারা এই ম্যাচের নাম দিয়েছেন ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’, যা নাটকে বাড়তি উত্তেজনা যোগ করেছে।

নির্মাতার ঘোষিত সূচি অনুযায়ী, চ্যাপ্টার ১৩-এর প্রথম চারটি পর্ব (৯৭–১০০) বৃহস্পতিবার (৯ জুলাই) মুক্তি পেয়েছে। অন্যদিকে, শেষ চারটি পর্ব (১০১–১০৪) আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।