অপেক্ষার অবসান। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্টে গান শোনাবেন। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। ইতোমধ্যে গেটমাই টিকিট প্ল্যাটফর্মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫ হাজার ৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০ হাজার ৯৯৯ টাকা (পেহলি নাজার এরিয়া)। কনসার্টের দিন গেট ওপেন হবে বেলা ২টায়, বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন।
এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর একই কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তবে আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্ট বাতিল নয়; উপযুক্ত সময়ে পুনরায় আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব দর্শক টিকিট কিনে রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন। মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, “চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।”