সারাদেশ

সোমবারের এইচএসসি পরীক্ষা হবে কি না, সিদ্ধান্ত আবহাওয়া পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ১১:৫৮
PostImage

সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি স্থগিত করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান ভারী বর্ষণের প্রেক্ষাপটে সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি স্থগিত করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল (শনিবার) থেকেই ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কোথায় কী পরিস্থিতি রয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস পাওয়ার পর আবার বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও জানান, কোনো এলাকার পরীক্ষা স্থগিত করার প্রয়োজন হলে তা পরে নেওয়ার জন্যও প্রস্তুতি রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।


উল্লেখ্য, রোববার এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা ছিল না। আগামী সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারও পরীক্ষার সূচি নির্ধারিত আছে। এদিকে, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।


চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ২ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।