নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশের পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেমরার কোনাপাড়া এলাকা থেকে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং ডাকাতি হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।