বিনোদন

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো ডিজে সঞ্জয় দেব এবার আসছেন ঢাকায়

detaillogo
ডেস্ক নিউজ
১২ জুলাই ২০২৬, ১৩:১৮
PostImage

সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে ঢাকায় আসছেন।


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে ঢাকায় আসছেন।


আগামী ২০ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে বিশেষ পারফরম্যান্স করবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে ছয় দিনব্যাপী এই ফ্যান ফেস্ট অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এ আয়োজনে বড় পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচার, লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের জন্য নানা বিনোদনমূলক কার্যক্রম থাকবে। সমাপনী দিনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন সঞ্জয় দেব।


১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তাঁর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর। সঞ্জয়ের বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব। তাঁদের পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পারিবারিক সাংস্কৃতিক পরিবেশ থেকেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। পরে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়াল-এর সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে সফলতার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয় দেব। তাঁর সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমান।


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করে প্রশংসা কুড়ানোর পর এবার প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি মঞ্চে উঠতে যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী। ফলে ২০ জুলাইয়ের পারফরম্যান্স ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে।