কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। লিখিত বক্তব্যে কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী বলেন, কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে।
সংগঠনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। তবে গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের মূল্য, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা ফি এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান কমিশনে ফিলিং স্টেশন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে দাবি তাদের।
তাদের দাবি, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। অর্থাৎ, বিদ্যমান কমিশনের সঙ্গে ৫ টাকা ৯৬ পয়সা বাড়ানোর দাবি জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের নেতারা আরও জানান, দাবি আদায়ে কর্মসূচির পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনাও অব্যাহত থাকবে।