সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে এসে পৌঁছান দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় গায়ক। আগামী শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’কনসার্টে অংশ নিতেই তার এই বাংলাদেশ সফর। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখতে মুখিয়ে আছেন দেশের হাজারো ভক্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজকরা শুরু থেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তারা নিশ্চিত করেছেন, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চ মাতাবেন আতিফ আসলাম।
পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও সমান জনপ্রিয় আতিফ আসলাম। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার কণ্ঠে ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তুঝে কিতনা চাহনে লাগে’, ‘জিনা জিনা’সহ অসংখ্য গান আজও সমান জনপ্রিয়।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে এই আয়োজন চলতি বছরের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় সংগীতানুষ্ঠানে পরিণত হবে।