চট্টগ্রাম নগর বিএনপির দীর্ঘদিনের ত্যাগী কর্মী আব্দুল হাকিম। দলের দুঃসময়ে যিনি স্লোগান, গান আর রাজপথের কর্মসূচিতে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেন, আজ সেই হাকিমই জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হয়েছেন। একসময় দলীয় কার্যালয় নাসিমন ভবনে যার সরব উপস্থিতি ছিল নিয়মিত, এখন তাকে দেখা যায় শহরের বিভিন্ন অলিগলিতে স্ট্রেচারে ভর করে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে।
দীর্ঘ ১৭ বছর বিএনপির বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল ও কর্মসূচিতে সক্রিয় ছিলেন আব্দুল হাকিম। দলের কোনো পদ-পদবি না থাকলেও নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন পরিচিত ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের কঠিন সময়ে রাজপথে থেকে একাধিকবার কারাবরণ করেছেন এবং তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলাও হয়েছে।
জানা গেছে, গত রমজানে পা পিছলে পড়ে গুরুতর আহত হন হাকিম। পা ভেঙে যাওয়ার পর থেকে তিনি কার্যত পঙ্গুত্ববরণ করেছেন। চিকিৎসায় ইতোমধ্যে নিজের জমানো প্রায় দুই লাখ টাকাসহ বিভিন্নজনের দেওয়া সহায়তার অর্থ ব্যয় হয়ে গেছে। বর্তমানে স্ত্রী, দুই মেয়ে এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ছয় সদস্যের পরিবারে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি।
শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজ করতে না পারায় শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিতে হয়েছে তাকে। তবে ভিক্ষা নয়, সুস্থ হয়ে সম্মানের সঙ্গে কাজ করে বাঁচতে চান বলে জানান আব্দুল হাকিম। তিনি বলেন, "আমি ভিক্ষা করতে চাই না। কেউ সহযোগিতা করলে চিকিৎসা করিয়ে আবার নিজের পায়ে দাঁড়াতে চাই। কাজ করে পরিবার চালাতে চাই।" হাকিম জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন হাসপাতালে তাকে দেখতে গিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন এবং চিকিৎসার খরচও বহন করেছেন। এছাড়া তার খোঁজখবরও নিয়মিত নিচ্ছেন।
চকবাজার যুবদল নেতা নুরুল করিম জানান, হাকিম দলের জন্য নিবেদিত। রাত দিন পড়ে থাকতো দলীয় কার্যলয়ে। এমন কোন সভা সমাবেশ নেই তাকে দেখা যেত না। আমরা তার জন্য প্রধানমন্ত্রী কাছে সহায়তা চায় তাকে যেন একটি ব্যবস্থা করে দেয়। আমরা নিজেরাও অনেক সহায়তা করেছি তাকে।
চন্দনপুরা ওয়ার্ড বিএনপির সদস্য মো: নাসিম বলেন, হাকিম সারাদিন পড়ে থাকতো বিএনপি দলী কার্যালয় নাসিমন ভবনে। সবার কাছে পরিচিত মুখ। দলের জন্য নিবেদিত। আমরা সবাই তার জন্য দোয়া করি। সে যেন ভালো হয়ে যায়। সরকার চায়লে তাকে একটি চাকরি দিতে পারে।
সহজ সরল ও স্পষ্টবাদী বলে বড় বড় নেতার কাছেও পরিচিত ছিল হাকিম। বেগম জিয়া ও জিয়াউর রহমানকে নিয়ে গানে গেয়ে নেতা কর্মীদের উৎসাহিত ও সাহস যুগাতো যে কর্মী তার স্থান এখন পথে। আবদুল হাকিমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে।
হাকিম বলেন দলীয় চেয়ারম্যান দলের ত্যাগী নেতাদের খবর নিয়ে নানা সহায়তা করছে। আমার অসুস্থতার খবর পৌছাতে চায় প্রধানমন্ত্রীর কাছে। আমি ভিক্ষা করতে চায়না সহায়তা পেলে সুস্থ হয়ে নিজের পায়ে দাড়াতে চায়। হাকিমের শেষ কথা ছিল আমার দলের জন্য তারক রহমানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত আমি আমার জীবন।