সারাদেশ

আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ১৫:৪৫
PostImage

জামায়াতে ইসলামীর দাবি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ধানসিঁড়ি কম্পিউটারে হামলা চালায়।


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর সভাপতি নূরুল আমিনসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার বড় মসজিদ সড়কের ধানসিঁড়ি কম্পিউটার নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।


জামায়াতে ইসলামীর দাবি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ধানসিঁড়ি কম্পিউটারে হামলা চালায়। এতে পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল হাসান (মঞ্জু) এবং স্থানীয় পপুলার হাসপাতালের কর্মচারী বশির আহমদ আহত হন। পরে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


জামায়াতের ভাষ্য অনুযায়ী, আগামী ১ আগস্ট দেশব্যাপী ঘোষিত গণমিছিলের অংশ হিসেবে আড়াইহাজার পৌর শহরে কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে কামরুল হাসান মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এ পোস্টকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে বলে দলটির অভিযোগ।


এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, এ ধরনের হামলা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত যুবদল ও ছাত্রদলের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।