সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের ওপর গুলি, পাল্টা গুলিতে তিন পুলিশ সহ আহত চারজন,গ্রেপ্তার ২

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ১৪:৫১
PostImage

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪


নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য ও এক অস্ত্রধারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই (নিরস্ত্র) মো. রফিক, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। পুলিশের গুলিতে আহত ও আটক জসিম (২৪) ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। অপর আটক ব্যক্তি মোহন (২৩), একই এলাকার আব্দুস সালামের ছেলে।


পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় জসিম ও মোহনসহ ৭-৮ জন ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে এসআই রফিক ও নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি জসিমের ঊরুতে লাগে। একপর্যায়ে মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।


ঘটনার পর অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং অস্ত্রধারী জসিম ও মোহনকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।