সারাদেশ

মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় যুব আন্দোলন নেতা খুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০৯:১৩
PostImage

ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার না করায় ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।


পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। এ ঘটনায় মামলার প্রধান আসামি শেখ সিফাতসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্বজনদের অভিযোগ, রিকশার গ্যারেজ লুটের ঘটনায় শেখ সিফাতকে প্রধান আসামি করে মামলা করেছিলেন বুলবুল। মামলা প্রত্যাহার করতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।


হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাতেই ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করায় তারা অবরোধ তুলে নেন।


নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, বুলবুল হত্যা মামলায় রাতেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলার প্রধান আসামি শেখ সিফাতও রয়েছেন।

পুলিশের সঙ্গে আলোচনা এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে নেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৯ আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।