সারাদেশ

২৪ ঘণ্টায় মধ্যে যেসব জেলায় সৃষ্টি হবে বন্যা পরিস্থিতি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬, ১৬:২৬
PostImage

এর প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে দুই জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আগামী ২৪ ঘণ্টায় দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে দুই জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


শনিবার (২৯ আগস্ট) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী একদিন দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীতে পানির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।


গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কয়েকটি স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিনে পানি স্থিতিশীল এবং তৃতীয় দিনে কমে আসতে পারে।


গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল। আগামী একদিনও এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে এরপরের চার দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এ সময় এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।


দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। একই সময়ে দুধকুমার নদীর পানি সমতল কমেছে।


পূর্বাভাস অনুযায়ী, আগামী একদিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


এ ছাড়া আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ ধরনের টানা ভারি বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।