সারাদেশ

কাঁচপুর বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ করার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
PostImage

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।


রাজধানী ঢাকার অভ্যন্তরীণ তীব্র যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।


তিনি জানান, সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী দেশের প্রায় ১৬টি জেলার দূরপাল্লার বাস কাঁচপুরের নবনির্মিত বাস টার্মিনালে স্থানান্তর করা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


ডিএসসিসি প্রশাসক বলেন, যত দ্রুত সম্ভব টার্মিনালের অবকাঠামোগত কাজ শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই খুব শিগগিরই নির্দিষ্ট কিছু রুটের বাস এখানে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) চলাচলের ব্যবস্থা করা হবে।


পাশাপাশি সায়েদাবাদ টার্মিনাল থেকে ট্রানজিট অবস্থায় থাকা বাসগুলোর নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর সার্বিক পরিবহন খাত পুনর্গঠন ও আধুনিকায়নে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম আরও জানান, ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।


প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাজেট সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বলেন, যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমাতে আপাতত একটি অস্থায়ী শেড নির্মাণ করে কাঁচপুর টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, পুরো কাঁচপুর বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।