কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়–এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী এবং নিহতের স্বজনরা।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাব–এর সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং প্রধান আসামি **ফজলুর রহমান**সহ মামলার সব আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান, তার তিন কন্যা ও এক ছেলেসহ পরিবারের সদস্য এবং বহু শিক্ষার্থী অংশ নেন। সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে খুন হন আসমা সাদিয়া রুনা। ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের দিনমজুর কর্মচারী ফজলুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল–এ নেওয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। আহত ফজলুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা করেন। মামলায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে—
সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস
পুলিশ প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখালেও অন্য আসামিদের এখনো আইনের আওতায় আনা হয়নি।
এমআর/