সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা: নিহত বেড়ে ২৬

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ০৬:৫৬
PostImage

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোর ৫টা পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৯টা, সাড়ে ১০টা ও সোয়া ১১টার দিকে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উজ্জ্বল খান (৩০), আশরাফুল (৩৫) ও জাহাঙ্গীর (৫৫)।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পাঁচটি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধারকাজে নিয়োজিত আছেন। তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, উদ্ধার হওয়া ২৬ মরদেহের মধ্যে ২৩টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

ঘটনার পর থেকেই পদ্মাপাড়ে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে পুরো এলাকা হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় ‘সৌহার্দ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এমআর/