সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-১-এর আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার অংশ চার লেনে প্রশস্ত করার প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে অনুমোদন পেয়েছে। এর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া বাকি প্রায় ৪৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলমান রয়েছে। এ বিষয়ে জাইকার সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, মহাসড়কটির কিছু অংশ দুর্ঘটনাপ্রবণ হওয়ায় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ১৫৯ কিলোমিটার এই মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি রয়েছে। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একটি সুইডিশ পরামর্শক প্রতিষ্ঠান সমীক্ষা চালিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন দিয়েছিল।
জাতীয়