নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বাসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে রূপগঞ্জ থানার একটি দল বিশেষ অভিযানে রূপসী বাসস্ট্যান্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে একটি বাসে করে ডাকাত দল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। এ সময় অজ্ঞাত আরও ১০-১৫ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন— শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২), শাহআলম ওরফে মধু (৩৮) এবং রিপন (২৮)।
আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) জব্দ করা হয়েছে। এছাড়া একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা সংঘবদ্ধভাবে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।