সারাদেশ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬
PostImage

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।


এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৈশাখ মাসের এই ঝড় স্বল্প সময়ের মধ্যেই তীব্র আকার নিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নৌযান চলাচলকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।