নারায়ণগঞ্জ শহরের বিবি রোড এলাকায় অবস্থিত ‘মক্কা ডায়ালাইসিস সেন্টার’-এ লাইসেন্সবিহীনভাবে চিকিৎসাসেবা পরিচালনা ও নির্ধারিত বিধি অমান্যের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণে অনিয়ম করেছে।
অভিযানে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৪৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাবাসসুম হাসান তানিশা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।