লাইফস্টাইল

তীব্র গরমে শরীরে অলসতা কেন বাড়ে?

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ১৬:০৯
PostImage

গ্রীষ্মের তীব্র দাবদাহে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি ক্লান্তি, অলসতা ও কাজের অনীহা অনুভব করেন।


গ্রীষ্মের তীব্র দাবদাহে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি ক্লান্তি, অলসতা ও কাজের অনীহা অনুভব করেন। চিকিৎসকদের মতে, এটি শুধু মানসিক অবস্থা নয়; বরং শরীরের ভেতরের জৈবিক পরিবর্তনের কারণে এমনটা ঘটে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে অতিরিক্ত শক্তি খরচ হয়। ফলে শরীর ধীরে ধীরে “শক্তি সাশ্রয়ী অবস্থায়” চলে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে অনেক সময় “গ্রীষ্মকালীন অবসাদ” হিসেবে ব্যাখ্যা করা হয়।


মেট্রো প্যাসিফিক হেলথ ইনকর্পোরেটেডের গ্রুপ চিফ মেডিকেল অফিসার ডা. বেঞ্জামিন কো বলেন, গরমে শরীরের এই অবস্থা অনেকটা মোবাইল ফোনের ব্যাটারি কমে গেলে পাওয়ার সেভিং মোডে চলে যাওয়ার মতো। শরীরও তখন শক্তি বাঁচাতে কার্যক্রম ধীর করে দেয়। ইএনটি বিশেষজ্ঞ ডা. রুথলিন পেকোলেরা-সালভোসা জানান, গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়। তাই স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত ক্লান্তি দেখা দেয়।

চিকিৎসকদের মতে, এই সময়ে যদি খিটখিটে মেজাজ, মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দেয়, তবে তা পানিশূন্যতার লক্ষণ হতে পারে। শরীরে তরলের ঘাটতি হলে মস্তিষ্কসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্ষমতা কমে যায়।

এ অবস্থায় চিকিৎসকেরা প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ডাবের পানি ও ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানীয় শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত গরমে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাই এ সময় ভারী ও তেলযুক্ত খাবার এড়িয়ে হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত গোসল করা এবং ঠান্ডা বা ভেজা কাপড় ব্যবহার করাও উপকারী।

চিকিৎসকেরা সতর্ক করেছেন, অতিরিক্ত গরমে শরীরে কিছু মারাত্মক সমস্যা দেখা দিতে পারে, যেমন পেশিতে টান, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, তীব্র ক্লান্তি এবং হিট স্ট্রোক, যা একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি।

তাই এই সময়ে ক্লান্তি বা অলসতা দেখা দিলে শরীরকে অতিরিক্ত চাপ না দিয়ে পর্যাপ্ত বিশ্রাম ও পর্যাপ্ত তরল গ্রহণ করাই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।