সারাদেশ

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর ১০ অবরোধ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৬, ১০:২৩
PostImage

মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ


মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই কর্মসূচিতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।


বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, “আমার বোন খুন হলো কেন?” এবং “অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”। প্রতিবাদকারীদের দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই দেশে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।

এর আগে বৃহস্পতিবার রাতেও একই স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। গত ১৯ মে সকালে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে মরদেহ গুমের চেষ্টাও করা হয়েছিল।


এ ঘটনায় পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় এখনো তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে।