দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ অভিনয়ের বাইরে এবার আলোচনায় এসেছেন এক বিব্রতকর ভুলের কারণে। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ-কে ভুল করে ‘ফুটবলার’ বলে ফেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ভোপাল-এ আয়োজিত এক অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা পেদ্দি-র গানের উদ্বোধনে অংশ নেন রাম চরণ। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন জাহ্নবী কাপুর ও এ আর রহমান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাকে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলা হয়। তিনি শচীন টেন্ডুলকার-কে ‘দীর্ঘ কিংবদন্তিতুল্য পথচলা’, এমএস ধোনি-কে ‘শান্ত ও ঠান্ডা’, বিরাট কোহলি-কে ‘আগুন’ এবং রোহিত শর্মা-কে ‘সবার প্রিয় মানুষ’ বলে আখ্যা দেন।
তবে বুমরাহর প্রসঙ্গে এসে ক্রিকেট ও ফুটবলের মধ্যে গুলিয়ে ফেলেন তিনি। ভুলবশত বুমরাহকে একজন ‘ফুটবলার’ বলে ফেলেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা মিম বানিয়ে ট্রল শুরু করেন। পরে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে রাম চরণ লেখেন, ‘উফ... মাঝে মাঝে আমি আসলেই নাম ভুলে যাই। জাসপ্রিত বুমরাহর কাছে আন্তরিকভাবে দুঃখিত। চারপাশের উত্তেজনা ও ভিড়ের মধ্যে এটি একটি মানবিক ভুল ছিল।’
তিনি আরও জানান, বুমরাহর প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তিনি ভারতীয় এই পেসারের বড় ভক্ত। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স-এর হয়ে চলতি মৌসুমে খুব একটা ভালো সময় যাচ্ছে না বুমরাহর। চোটের কারণে তার পারফরম্যান্সে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। চলতি মৌসুমে ১৩ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।