রাজনীতি

প্রস্তাবিত বাজেট উন্নয়নের পথে বাধা হতে পারে: গোলাম পরওয়ার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬, ০৯:১১
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি বাজেট পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, এবারের বাজেটে প্রায় ২ লাখ ৩৬ হাজার ৪৫০ কোটি টাকার ঘাটতি রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এই বিপুল ঘাটতি পূরণে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বাড়লে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি অভিযোগ করেন, সরকার রাজস্ব আদায়ের জন্য কার্যকর ও দুর্নীতিমুক্ত কাঠামো উপস্থাপন করতে পারেনি। একই সঙ্গে করের পরিধি বাড়ানোর নামে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। জিডিপি প্রবৃদ্ধির ৬ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেখানে ৫ শতাংশের নিচে প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে, সেখানে সরকারের লক্ষ্য বাস্তবসম্মত নয়।


তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের নামে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের প্রস্তাবিত ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ছায়া বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৫ হাজার টাকা নির্ধারণ এবং ভবিষ্যতে তা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর সুপারিশ করা হয়েছে।


ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়েও সরকারের সমালোচনা করেন। তিনি সরকারের প্রতি বিনিয়োগবান্ধব, জনকল্যাণমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানান এবং সংসদে বিরোধী দলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন